নাটোরে চাঁদা আদায়কালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার!
চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান আশরাফি। বৃহস্পতিবার রাতে নাটোর শহরের আলাইপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় প্রিন্স নামের ছাত্রলীগের অপর এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়।নাটোর থানা সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে শহরের উত্তরা সুপার মার্কেটের ভৌমিক হোমিও হলের মালিক ও চিকিৎসক সুবাস কুমার ভৌমিকের কাছে একদল সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। তিনি ঘটনাটি পুলিশকে জানান। পুলিশের পরামর্শে হোমিও চিকিৎসক সুবাস কুমার সন্ত্রাসীদের বৃহস্পতিবার রাতে শহরের আলাইপুরে বিদ্যুৎ কার্যালয়ের পাশে আসতে বলেন। সে অনুযায়ী সন্ত্রাসীরা রাতে সেখানে আসে। একপর্যায়ে হোমিও চিকিৎসক সেখানে এসে সন্ত্রাসীদের হাতে চাঁদার টাকা তুলে দেন। এ সময় পুলিশ এসে চাঁদার টাকাসহ ছাত্রলীগের নেতা আতিকুজ্জামান ও কর্মী মোহাম্মদ প্রিন্সকে গ্রেপ্তার করে।এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সুবাস কুমার ভৌমিক বাদী হয়ে আতিকুজ্জামান ও প্রিন্সের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।জেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন আতিকুজ্জামান ও প্রিন্সের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।