নাটোরে চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাঙচুর
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা গত রোববার রাতে নাটোরের স্টেশন বাজারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। যুবলীগের অনুষ্ঠানের খরচ বাবদ এই চাঁদা চাওয়া হয় বলে জানানো হলেও জেলা যুবলীগ তা অস্বীকার করেছে।নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে কয়েকজন যুবক বাজারের রাকিবুল ইসলাম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে এসে যুবলীগের অনুষ্ঠানের খরচ মেটানোর জন্য ২০ হাজার টাকা চাঁদা চায়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিরা টাকা দিতে অপারগতা জানালে যুবকেরা শহরের বউবাজারের যুবলীগের কর্মী হিসেবে পরিচিত রানার সঙ্গে কথা বলতে মুঠোফোন ধরিয়ে দেয়। মুঠোফোনে রানা ওই ব্যবসায়ীকে তাৎক্ষণিক টাকা দিয়ে দিতে বলে। টাকা দিতে না পারলে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। এর কিছুক্ষণ পরই ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রশস্ত্র নিয়ে ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা হিরাকে একটি কক্ষে আটকে রেখে প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাঙচুর করে ২০ হাজার টাকা ও একটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। খরর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ওই ব্যবসায়ী রানা, রবিউল, মনিরুলসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা কেউ যুবলীগের সঙ্গে জড়িত না। যুবলীগের কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা আদায় করার দায়িত্বও তাদের দেওয়া হয়নি।