নাটোরে চাঁদা না দেওয়ায় প্রকল্পের কাজ বন্ধ!
সন্ত্রাসীদের দাবি অনুযায়ী, ঠিকাদার পাঁচ লাখ টাকা চাঁদা না দিতে পারায় নাটোর শহরের পানি বিশুদ্ধকরণ প্রকল্পের কাজ গত মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভার আওতায় সম্প্রতি শহরের মল্লিকহাটি মহল্লায় পানি বিশুদ্ধকরণ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের অধীনে পাম্প স্থাপন, ভবন নির্মাণসহ বিভিন্ন কাজ করা হবে। এ জন্য সোয়া দুই কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়। কিছুদিন আগে ভবন নির্মাণের কাজ শুরু হয়। মেসার্স কবির হোসেন নামের রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে।সদর থানা সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবস্থাপক (সাইট ম্যানেজার) আবদুল হাইয়ের কাছে মঙ্গলবার বেলা ১১টায় নাটোর শহরের কান্দিভিটা মহল্লার আবদুস সামাদ, শিলন ও মল্লিকহাটি মহল্লার মামুন তালুকদারসহ পাঁচজন প্রকল্প এলাকায় এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা আবদুল হাইকে মারধর করেন।এ সময় শ্রমিকেরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও চড়াও হয়। একপর্যায়ে চাঁদার টাকা পরিশোধ না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার হুকুম দিয়ে চলে যায়। তাৎক্ষণিক ঘটনাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় ও পৌর কর্তৃপক্ষকে জানানো হয় এবং কাজ বন্ধ রাখা হয়।ওই দিন বিকেলে আবদুল হাই বাদী হয়ে সামাদ, শিলন ও মামুন তালুকদারসহ অপরিচিত আরও পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। আবদুস সামাদ মুঠোফোনে বলেন, ‘আমরা চাঁদা চাইনি। ঠিকাদার কাজ খারাপ করছেন। এলাকার মানুষ হিসেবে আমরা শুধু এর প্রতিবাদ করেছি।’ নাটোর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঠিকাদার কাজ করলে আমরা সার্বিক সহায়তা করব।’