নাটোরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মন্টু (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকোরিগ্রামে। মন্টু গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।মন্টু জানান, ইকোরিগ্রামে একটি পুকুর ইজারা নিয়ে তিনি মাছ চাষ শুরু করেন। কিন্তু ওই গ্রামের আবদুল হামিদ তাঁর কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় গত সোমবার মন্টু মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁর পথরোধ করে। সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে জখম করে তাঁর কাছ থেকে এক লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন মন্টুকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করান। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গেলেও সন্ত্রাসীদের পাওয়া যায়নি।