নাটোরে চাটনি খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ ১০ শিশু

টিফিনের সময় দোকান থেকে কেনা তেঁতুলের চাটনি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই শিক্ষার্থীদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিনের সময় বিদ্যালয়ের পাশের দোকান থেকে কেনা চাটনি খেয়ে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মায়া খাতুন (৮), মানসুরা খাতুন (৯) , চতুর্থ শ্রেণির বৃষ্টি খাতুন (১০), ফাতেমা বেগম (১০), রোকসানা খাতুন (১০), রাসেল হোসেন (১০), আতিয়ারা বেগম (১০), তামান্না খাতুন (১০), রাব্বানী হোসেন (১০), পঞ্চম শ্রেণির জাহাঙ্গীর হোসেন (১১)।
এক শিক্ষার্থীর বাবা আব্দুল কাদের বলেন, প্রতিষ্ঠান থেকে খবর পেয়ে গিয়ে দেখি স্কুলের বারান্দায় বাচ্চারা অসুস্থ অবস্থায় পড়ে আছে। পরে ভ্যানযোগে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল।