নাটোরে চার দিনের ব্যবধানে দুই স্কুল ছাত্র অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ব্যবধানে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দুই স্কুলছাত্র অপহূত হওয়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে ওই দুই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পুলিশ, অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার শহরের বড়গাছা পালপাড়া মহল্লার ব্যবসায়ী বিপ্লব কুমার সাহার ছেলে জয় সাহা ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে থেকে অপহূত হয়। সে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো স্কুল ছুটির পর জয় বাড়ি ফিরে না আসায় তার অভিভাবকেরা খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে তার বাবা ঘটনাটি বিদ্যালয় ও সদর থানা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে তাকে গুরুদাসপুর থেকে উদ্ধার করা হয়। জয় সাংবাদিকদের জানায়, ক্লাস শেষে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের পাশের রাস্তায় অজ্ঞাত এক লোক তার নাকে কি যেন শুকায়। এতে সে অচেতন হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে বুঝতে পারে তাকে সিএনজিচালিত অটোরিকশায় সিংড়ার হাতিয়ান্দহ বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জয় আরো জানায়, পথে তাকে একটি বাড়িতে ওঠানো হয়। সেখানে তাকে দেখে এক লোক বলে, ‘এত ছোট ছেলে দিয়ে কাজ হবে না। ওকে ছেড়ে দিয়ে আয়!’ এরপর তাকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের কাছে এনে অটোরিকশা থেকে নামিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। ওই জায়গার পাশে দাদার বাড়ি হওয়ায় জয় সেখানে চলে যায়। পরে বাড়িতে খবর দেওয়া হলে তাকে নাটোরে নিয়ে আসা হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর শহরের কানাইখালী ভাঙ্গা মসজিদের সামনে থেকে একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র জান্নাতুন নাঈম অপহূত হয়। সে ওই মহল্লার ব্যবসায়ী গোলাম মোর্তুজার ছেলে। অজ্ঞাত অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে করে বগুড়ার শান্তাহার নিয়ে যায়। সেখান থেকে ট্রেনে নাটোর হয়ে ঢাকা নিয়ে যাওয়ার পথে একতা এক্সপ্রেস ট্রেন থেকে পুলিশ তাকে উদ্ধার করে। মাত্র চার দিনের ব্যবধানে দুই ছাত্রের অপহরণের ঘটনায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।অভিভাবক সিরাজুল ইসলাম বলেন, দিনের বেলায় প্রকাশ্যে শহরের মধ্য থেকে শিশুদের অপহরণ হওয়ায় তাঁরা খুবই চিন্তিত। তিনি অবিলম্বে অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে অনুরোধ জানান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বানু উদ্ধার হওয়া স্কুলছাত্র জয়কে গত মঙ্গলবার তার বাড়িতে দেখতে গিয়ে বলেন, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে শিগগিরই তিনি অভিভাবক ও সুধীজনদের স্কুলে ডাকবেন। অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ওই দুটি ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাদা পোশাকে স্কুলের আশপাশের রাস্তায় নিয়োজিত করা হয়েছে। শহরের সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে। আশা করছি, অপহরণকারী চক্র ধরা পড়বে।