নাটোরে চারটি চোরাই মোটরযান উদ্ধার, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব গত শনিবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার কামরুল ইসলাম জানান, কয়েনবাজার এলাকার একটি বাড়িতে চুরি যাওয়া গাড়ি বিক্রির জন্য রাখা হয়েছে—এমন সংবাদ পেয়ে সেখানে শনিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি টয়োটা প্রাইভেটকার, দুটি ১৫০ সিসি ও একটি ৮০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসব মোটরযান কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে স্থানীয় মশিন্দা গ্রামের মোশারফ হোসেন, দাসগ্রামের আবুল কাশেম ও পাঁচবাড়িয়া গ্রামের বাচ্চু মিয়াকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার মূল হোতা পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের আক্কাস আলীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি সংগ্রহ করে বিক্রি করেন। এসব গাড়ির ইঞ্জিনের নম্বরসহ অন্যান্য নম্বর পরিবর্তন করে বিক্রি করা হয়।