নাটোরে চিকিৎসককে জিম্মি করে মুক্তিপণ আদায়, নারী আটক
নাটোর শহরে অবসরপ্রাপ্ত এক সিভিল সার্জনকে রোগী দেখার নাম করে ডেকে নিয়ে ৫৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার আগে দুর্বৃত্তরা জোর করে এক নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ছবি তোলে এবং সেসব ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নারীকে আটক করেছে। গত সোমবার বেলা ১১টায় শহরের চকরামপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নাটোর থানা ও সিভিল সার্জনের পারিবারিক সূত্র জানায়, নাটোরের অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ইসাহাক আলী ওই দিন বেলা ১১টায় শহরের ছায়াবাণী সিনেমা হলের মোড় থেকে অটোরিকশায় মাদ্রাসা মোড়ের দিকে রওনা হন। কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুই যুবক ওই অটোরিকশায় ওঠে। একপর্যায়ে তারা তাঁকে গুরুতর একজন রোগী দেখার কথা বলে দক্ষিণ চকরামপুরের একটি দ্বিতল বাড়িতে নিয়ে যায়। এরপর দোতলার একটি নির্জন কক্ষে নিয়ে আটকে রেখে তাঁর কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি টাকা দিতে রাজি না হলে দুর্বৃত্তরা তাঁকে বিবস্ত্র করে একজন নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে। টাকা না দিলে তাঁরা ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। নিরুপায় হয়ে তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে বেলা দুইটার দিকে দুর্বৃত্তদের দেওয়া একটি মুঠোফোনে (০১৯৮৫৭২৬২৯৩) ওই কর্মকর্তার পরিবার থেকে ৫৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। ওই টাকা উঠিয়ে নেওয়ার পর বেলা দুইটায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। রাতে তিনি ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
মঙ্গলবার সকালে পুলিশ ডা. ইসাহাক আলীকে নিয়ে ওই বাড়িটি পরিদর্শন করেন। বাড়িটির মালিক মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত ফজলে রাব্বি। তিনি ঘটনার পর থেকে পলাতক। বেলা দুইটার দিকে গোয়েন্দা পুলিশ অভিযুক্ত নারী শিরিন (৩৫) আক্তারকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ইসাহাক আলী বাদী হয়ে মঙ্গলবার বিকেলে থানায় এজাহার দায়ের করেন। ইসাহাক আলী প্রথম আলোকে বলেন, ‘কূটকৌশলে আমাকে বাড়িতে ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করা হয়েছে।’ তবে আটক শিরিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ডাক্তার সাহেব আমার পূর্বপরিচিত। উনার কাছ থেকে টাকা নেওয়া হয়নি।’ নাটোর সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।