নাটোরে চুরির ভয়ে ঘরে লাশ দাফন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে বজ্রপাতে মারা যাওয়া হাফিজুর রহমান (২৬) নামের এক তরুণের লাশ নিজ ঘরের ভেতর দাফন করা হয়েছে। লাশ চুরি হয়ে যাবে, এমন আশঙ্কায় গতকাল মঙ্গলবার তাঁর লাশ ঘরের ভেতর দাফন করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ওয়ালিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে হাফিজুর মাঠে রসুন তোলার সময় বজ্রপাতে মারা যান। লাশ বাড়িতে আনার পর শুরু হয় নানা গুঞ্জন। গুজব ছড়িয়ে পড়ে, এই লাশ বাড়ির বাইরে দাফন করা হলে তা চুরি হয়ে যাবে। কারণ, বজ্রপাতে মৃত্যু হলে লাশের কিছু অংশ পুড়ে সোনা হয়ে যায়। এই সোনা চুরি করতেই চোরেরা লাশ চুরি করবে। এ গুজব হাফিজুরের বাবা-মা ও পরিবারের সদস্যদের চিন্তায় ফেলে দেয়। তাঁরা ছেলের জানাজা শেষে দীর্ঘ সময় লাশ বাড়িতে রেখে দেন। পরে গতকাল সকালে লাশটি নিজ বাড়ির একটি ঘরের মেঝেতে দাফন করেন। এতেও পরিবারের সদস্যরা চিন্তামুক্ত হতে পারেননি। তাই কবরটি পাকা করতে শুরু করেন স্বজনেরা।
মতিউর রহমান বলেন, ‘আমার একমাত্র ছেলে দুনিয়া থেকে চলে গেছে। এ কষ্ট সইতে পারছি না। এর মধ্যে আবার লোকে বলাবলি করছে, ডাক পড়ে (বজ্রপাত) মারা যাওয়া লাশ নাকি অনেক দামি হয়ে যায়, চুরির সম্ভাবনা থাকে। তাই লাশের নিরাপত্তার কথা ভেবে ঘরের ভেতর কবর দিয়েছি।’
ওয়ালিয়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জামাত আলী বলেন, বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ নিয়ে এ এলাকায় নানা ধরনের কুসংস্কার রয়েছে। এর ভিত্তিতে ওই তরুণের বাবা-মা নানা শঙ্কায় ভুগছিলেন। তাই ছেলের প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে তাঁরা লাশটি নিজ ঘরে দাফন করেছেন।