নাটোরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার বাউড়া মোড়ে গতকাল শুক্রবার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। মোশারফের ভাই মনিরুল ইসলাম জানান, বাউড়া স্কুল মাঠে গতকাল বিকেলে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীর সঙ্গে মোশারফের কথা-কাটাকাটি হয়। খেলা শেষে সন্ধ্যায় তিনি রিকশাভ্যানে করে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। বাউড়া মোড়ে পৌঁছালে মোবারক ও আলাউদ্দিন নামে দুই সন্ত্রাসী রিভলবার দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এ সময় মোশারফ দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পিঠের বাঁ পাশে বিদ্ধ হয়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।