নাটোরে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৮, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গতকাল মঙ্গলবার দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আটজন আহত হয়েছে। এ সময় বাসের টিকিট কাউন্টার, ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে শহরের কানাইখালি চালপট্টি সড়কে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ওরফে শিমুলের সমর্থক, ছাত্রলীগের অর্থ-বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল কাফির সঙ্গে যুবলীগের সহসভাপতি এহিয়া চৌধুরীর সমর্থক মওলার সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে লিপ্ত হয়। হামলায় জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আবদুল্লাহ আল কাফি (২৫), পরিবেশ-বিষয়ক উপসম্পাদক রাসেল আহমেদ (২৬) ও মওলা (২৫) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের তাত্ক্ষণিক নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর একটায় উভয় পক্ষের সমর্থকেরা কানাইখালি এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা পুলিশের উপস্থিতিতেই একটি বাসের টিকিট কাউন্টারে ভাঙচুর চালায় বলেও অভিযোগ পাওয়া যায়। পরে সংঘর্ষে জড়িতরা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এহিয়া চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এর পরপরই যুবলীগের কিছু কর্মী শফিকুল ইসলামের ভগ্নিপতি আওয়ামী লীগের নেতা সাজেদুর রহমান চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। তারা সাজেদুর রহমানকে মারপিটও করে বলে অভিযোগ উঠেছে। এ সময় পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন বলেও দাবি করা হচ্ছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিরা দায়িত্ব পালনরত ফোকাস বাংলার নাটোর প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও এটিএন বাংলার স্থানীয় চিত্রগ্রাহক রানাকে মারপিট করে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে অজ্ঞাতনামা এক পুলিশ কনস্টেবল আহত হন। পুলিশের সামনেই রাসেল নামের এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।জেলা যুবলীগের সহসভাপতি এহিয়া চৌধুরী বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের আবদুল্লাহ আল কাফি প্রথমে আমার মহল্লার ছেলে মওলাকে মারপিট করে। আমি সংঘর্ষ থামানোর চেষ্টা করেছি মাত্র।’ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার সমর্থকদের গুলি করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাইছি।’নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গে ওসি বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থেই কাউকে গ্রেপ্তার করা হয়নি।’