নাটোরে ছাত্রীকে অপহরণের চেষ্টা, একজন গ্রেপ্তার
নাটোর সদর উপজেলার হযরতপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ফটক থেকে এক ছাত্রীকে অপহরণ করতে গিয়ে নজরুল ইসলাম নামের এক তরুণ হাতেনাতে ধরা পড়েছে। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়সহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ ও ঢাকা-নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানের মেয়ে রুশদানিয়া বুশরাকে (১৬) দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করছে স্থানীয় চৌরী গ্রামের হেকিম ভূঁইয়ার ছেলে আবু বাক্কার। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বুশরা বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলের ফটকে নামে। এ সময় ওত পেতে থাকা আবু বাক্কার দলবল নিয়ে সেখানে গিয়ে বুশরাকে জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা চালায়। বুশরা ও তার বাবার চিৎকার শুনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এসে ধাওয়া করে নজরুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করে।এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তাৎক্ষণিক মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহমেদ ঘটনাস্থলে গিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ব্যক্তিরা অবরোধ তুলে নেয়। পরে এলাকাবাসী নজরুলকে পুলিশে সোপর্দ করে। বিকেলে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নাটোর থানায় চৌরী গ্রামের আবু বাক্কার, নজরুল ইসলাম, ফারুক হোসেন, তোফাজ্জল হোসেন ও আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।অপহরণের সময় গ্রেপ্তার ১আমাদের আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের সময় এলাকাবাসী এক অপহরণকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।মেয়ের বাবা জানান, ভালাইন উচ্চবিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উপজেলার সফাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পিন্টু কুমার মণ্ডল (২৫) প্রায়ই মেয়েকে উত্ত্যক্ত করতেন। গত শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর মেয়েকে পিন্টু তাঁর কয়েকজন সহযোগীসহ অপহরণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে নওগাঁর দিকে নিয়ে যান। এ সময় মেয়ের চিৎকারে এলাকার লোকজন মাইক্রোবাসটি আটক করে মেয়েকে উদ্ধার এবং পিন্টু কুমারকে থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে রাতেই পিন্টু কুমার ও তাঁর চার সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অর্পণ দাস জানান, পিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে গত রোববার বিকেলে নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।