ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে গত মঙ্গলবার তিন কিশোরকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। একই অভিযোগে বুধবার রাজশাহীতে দুই তরুণকে আটক করেছে র্যাব। একই দিনে মুঠোফোনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে বগুড়ার শেরপুরে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।গুরুদাসপুরে পিটুনি: এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার নাটোরের গুরুদাসপুরের দক্ষিণ নাড়িবাড়ী গ্রামে শাহিন (১৫), রাজু (১৪) ও মান্না (১৬) নামের তিন কিশোরকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ওই কিশোরদের অভিভাবকদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।রাজশাহীতে আটক ২: রাজশাহী নগরের মিশন বালিকা বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করার সময় বুধবার দুই তরুণকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন নগরের রাজপাড়া থানার চারখোটের মোড় এলাকার ফরহাদ হোসেন (১৮) ও শেখপাড়া এলাকার সাদ্দাম হোসেন (১৮)। পরে তাঁদের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিউটি পারভীন বলেন, আটক দুই তরুণই এইচএসসি পরীক্ষার্থী। তাই তাঁদের কান ধরে উঠবস করানোর পর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।মুঠোফোনে ছবি তোলায়: বগুড়ার শেরপুর থানার কাছে বুধবার মুঠোফোনের ক্যামেরায় দুই স্কুল-ছাত্রীর ছবি তোলার সময় হোসেন আলী (২০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। তাঁর বাড়ি উপজেলার শিবপুর গ্রামে। শেরপুর থানার এসআই শিউলী জানান, দুই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে যুবক হোসেন আলী তাদের ছবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রীরা যুবকের কাছ থেকে মুঠোফোনটি কেড়ে নেয়। ওই সময় জনতা হোসেন আলীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও গুরুদাসপুর (নাটোর) এবং শেরপুর (বগুড়া) প্রতিনিধি]