নাটোরে ছুরিকাঘাতে একজন নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোমে মুখোশধারী দুর্বৃত্তরা গতকাল শনিবার রাতে হরিপদ মণ্ডল (৫০) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীসহ দুজন।
বড়াইগ্রাম থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল রাতে বাগডোম মণ্ডলপাড়ার কৃষক হরিপদ মণ্ডল ও তাঁর স্ত্রী বিশকা রানী (৪৫) খাওয়ার পর নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টায় তাঁদের চিত্কার শুনে পাশের ঘর থেকে ভাইয়ের মেয়ে মিতা রানী (১৮) বের হয়ে আসেন। এ সময় মুখোশধারী দুর্বৃত্ত ছুরি দিয়ে তাঁর হাতে কোপ দেয়। তিনি মেঝেতে পড়ে চিত্কার করতে থাকেন। তাঁর চিত্কার শুনে পাশের বাড়ি থেকে হরিপদের ছোট ভাই চৈতন্য মণ্ডল ও প্রতিবেশী চিত্তরঞ্জন মণ্ডল ছুটে যান। তাঁরা বাড়ির ভেতরে ঢুকে গুরুতর জখম অবস্থায় হরিপদ ও বিশকাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে হরিপদের মৃত্যু হয়। পরে বিশকাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানার পুলিশ আজ রোববার সকালে ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিহতের ছোট ভাই চৈতন্য মণ্ডল জানান, তাঁর দাদার কোনো সন্তান নেই। জায়গা-জমি অনেক। কারও সঙ্গে তাঁর কোনো বিবাদ ছিল না। কে, কেন তাঁকে হত্যা করেছে, তিনি তা বুঝতে পারছেন না।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘রাতে আমাদের খবর দেওয়া হয়নি। সকালে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করছি। তবে ঘটনার সঠিক কারণ জানা যায়নি।’