নাটোরে জমি চাষ না করেই গমের বাম্পার ফলন
বিনা চাষে রসুন ফলিয়ে নাটোরের চাষিরা সবাইকে অনেক আগেই অবাক করেছিলেন। এবার তাঁরা হালতিবিল ও চলনবিলের জমিতে বিনা চাষে গম উৎপাদন করে সবাইকে তাক লাগিয়েছেন। এতে নামমাত্র খরচ করে তাঁরা বাম্পার ফলন পেয়েছেন। তাঁরা প্রতি বিঘা জমি থেকে মাত্র চার মাসে গড়ে ১০ হাজার টাকা আয় করেছেন। নাটোর সদর উপজেলার হালতিবিল এলাকার কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘আগে বর্ষার পানি নেমে যাওয়ার পর মাটির জো আসতে আসতে গম বোনার সময় পার হয়ে যেত। জমি অনাবাদি থাকত। গত বছর আমরা কেউ কেউ রাগ করে জমি চাষ না করেই কাদামাটির ওপর গম ছিটায়ে দিছুনু। তাতেও গম হয়ছিল। কিন্তু ফলন কম হয়ছিল। ঘটনাডা আমরা কৃষি অফিসারকে জানালে তাঁরা সার-পানি দেওয়ার নিয়ম শিখায়ে দিয়েছিলেন। এবার আমরা সে মোতাবেক চাষ করিছি। দারুণ ফলন হয়ছে। এক বিঘা জমিতে আমার মোট খরচ হয়ছে এক হাজার ৮০০ টাকা। গম হয়ছে ১৫ মণ।’ নাটোর কৃষি বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এবার হালতিবিল পরিবেষ্টিত নাটোর সদর এবং চলনবিল পরিবেষ্টিত সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার এক হাজার ৪০০ হেক্টর জমিতে বিনা চাষে গম আবাদ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মণ করে গম হয়েছে। খরচ হয়েছে প্রতি বিঘায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা। বর্তমানে প্রতি মণ গমের মূল্য ৮০০ টাকা হওয়ায় প্রতি বিঘা জমি থেকে কৃষকের আয় হয়েছে গড়ে ১০ হাজার টাকা।জেলা কৃষি কর্মকর্তা (উপপরিচালক) রহমতুল্লাহ সরকার বলেন, ‘কৃষকের মাথা থেকে এ পদ্ধতি এলেও আমরা এর উন্নয়নে পরামর্শ দিয়েছি। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিমাণমতো ডিএপি ও পটাশ সার ছিটাতে হবে। এর চার দিন পর প্রতি বিঘায় গোবর মেশানো ২০ থেকে ২৫ কেজি গমের বীজ কাদামাটির ওপর ছিটাতে হয়। ১১ থেকে ১৫ দিন পর পরিমানমতো সেচ ও সার দিতে হয়। এতেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়।’