নাটোরে জাপা সাংসদের গুলিভর্তি পিস্তল ও টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) জাতীয় পার্টির (জাপা) সাংসদ আবু তালহার ছয় রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, ১২ হাজার টাকা ও একটি ক্যালকুলেটর চুরি হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলার লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলের অতিথি ভবনে থাকার সময় এ ঘটনা ঘটে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাংসদ আবু তালহা গতকাল বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলের অতিথি ভবনে ছিলেন। ওই সময় কে বা কারা তাঁর হাতব্যাগ থেকে ছয় রাউন্ড গুলিভর্তি নিবন্ধন করা একটি পিস্তল, একটি ক্যালকুলেটর ও ১২ হাজার টাকা চুরি করে।ওসি জানান, এ ঘটনায় সাংসদ আবু তালহা গতকাল রাতে থানায় মামলা করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।সাংসদ আবু তালহা প্রথম আলোকে জানান, ঘটনার সময় তিনি তাঁর নির্ধারিত ভিআইপি কক্ষের পাশের কক্ষে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় তাঁর কক্ষে ছেলে হাফিজ আল আসাদ, শ্যালক মোয়াজ্জেম হোসেনসহ জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মী ছিলেন। ওই কক্ষে বিছানার ওপর থাকা একটি হাতব্যাগে তাঁর ব্যক্তিগত পিস্তল, টাকা ও ক্যালকুলেটর ছিল। দুই মিনিটের মধ্যে কে বা কারা ব্যাগ থেকে সেগুলো চুরি করে সটকে পড়ে। এ ঘটনার পর তিনি তাঁর নির্ধারিত সব কর্মসূচি বাতিল করে দেন।