ট্রাকের ধাক্কায় গত বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল ছালাম (৪৫) নিহত হয়েছেন। এ ছাড়া সিংড়ায় গত বুধবার একটি মিনি ট্রাক খাদে পড়ে সিরাজুল ইসলাম (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।আবদুল ছালাম গুরুদাসপুর কাছিকাটা কলেজের প্রভাষক। তাঁর বাড়ি বড়াইগ্রামের চক বড়াইগ্রামে। সিরাজুল ইসলাম সিংড়া উপজেলার উত্তর দমদমা মহল্লার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল ছালাম ও আমির হাশেম আলী মীর মোটরসাইকেলে করে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নাটোর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁরা নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় আমেনা হাসপাতালে ভর্তি করার পর আবদুল ছালাম মারা যান। বুধবার রাত ১১টার দিকে একটি মিনি ট্রাক আলু নিয়ে বগুড়া থেকে সিংড়া আসার পথে সিংড়ার চৌগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম নিহত হন।