নাটোরে জামায়াত-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড়ে জেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয় পুলিশসহ ২৬ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জেলা জামায়াতের তিন নেতা-কর্মীকে আটক করেছে।
সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছোড়া ইটে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শক (এসআই) আহত হন। তাঁরা নাটোর মিশন হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্রশিবিরের সাবেক নেতা শামসুল ইসলাম ও জামায়াত-কর্মী শাহাবুদ্দিন। তাঁদের মধ্যে শামসুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাটোর মিশন হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে নিজামী-সাঈদীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে নাটোর শহর জামায়াতে ইসলামী মিছিল বের করে। চকরিয়া এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্রশিবিরের সাবেক নেতা শামসুল ইসলাম ও জামায়াতের কর্মী শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত হন আরও ১৮ জন। জামায়াত-কর্মীদের ছোড়া ইটের আঘাতে নাটোর থানার ওসি আসলাম উদ্দিন ও এসআই নুরুজ্জামানসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন।
শিবিরের সাবেক নেতা শামসুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাটোর মিশন হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সময় জামায়াত ও শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, ঘটনার সময় পুলিশ আশপাশের বাড়ি ও স্কুলে কাঁদানে গ্যাস ছোড়ে। এতে নাটোর শেরে বাংলা উচ্চবিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নূর, মাহিদ শেখ ও নবম শ্রেণীর ছাত্র আকাশ প্রাথমিক চিকিত্সা নিয়েছে।
নাটোর থানার ওসি আসলাম উদ্দিন জানান, মিছিলে ১৪টি রাবার বুলেট ও নয়টি কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।