নাটোরের বিসিক শিল্প এলাকায় ব্যক্তিমালিকানাধীন একটি জুট মিলে গতকাল মঙ্গলবার সকালে আগুন লাগে৷ এতে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন।
নাটোর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দত্তপাড়ায় বিসিক শিল্প এলাকার নাটোর জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা কারখানার পাট ও পাটজাত পণ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পাবনা ও রাজশাহীর কয়েকটি দমকল স্টেশনকে খবর দেওয়া হয়। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত দমকল বাহিনীর আটটি ইউনিট ও জুট মিলের কয়েক শ কর্মী একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই কারখানার প্রায় সব পাট ও পাটজাত পণ্যসহ যন্ত্রপাতি পুড়ে যায়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানাটির মালিক শ্যাম সুন্দর আগরওয়ালা জানান, তিনি তিন একর জমিতে কারখানাটি গড়ে তুলেছেন। তিন শিফটে প্রায় সাড়ে চার শ শ্রিমক-কর্মচারী কাজ করতেন। িতনি বলেন, ‘আমার সারা জীবনের সাধনা ছিল এই মিল। আজ মুহূর্তে সব শেষ হয়ে গেল।’ এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তার হোসেন বলেন, ‘খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করি। পরে আশপাশের জেলা থেকে দমকল কর্মীরা এসে আমাদের সহযোগিতা করেন।’