নাটোরে জেএমবির পাঁচজনের যাবজ্জীবন
নাটোরে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরের দিকে নাটোরের বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক প্রদীপ কুমার রায় এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন হাফিজুর রহমান ওরফে নোমান (৩০), দেলোয়ার হোসেন (৩০), সিহাব উদ্দিন ওরফে হানজালা (৩০), আব্দুল মতিন (৩০) ও আব্দুর রশিদ ওরফে আশিক (৩৩)।
খালাস পেয়েছেন শহিদুল ওরফে ফারুক (৩৬) ও শফিউল্লাহ ওরফে তারেক (৩২)।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, দণ্ড পাওয়া আসামিরা নির্বাহী হাকিমের কাছে তাঁদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। জবানবন্দি বিশ্বাস না করার মতো কোনো কারণ আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে আসামিপক্ষ।
রায় ঘোষণার সময় একজন ছাড়া (তারেক) অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় পড়ার সময় আসামিদের হাসতে দেখা যায়।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি খন্দকার আব্দুল হাই বলেন, সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূলে এই রায় ভূমিকা রাখবে। এই রায় থেকে শিক্ষা নিয়ে যুবসমাজ সন্ত্রাস ও জঙ্গিবাদকে পরিহার করবে।
আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন বলেন, আসামিরা উচ্চ আদালতে যাবেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা নাটোরের আদালত চত্বরসহ কয়েকটি স্থানে একযোগে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন আহত হন। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদি বই ও জেএমবির প্রচারপত্র উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা করে। তদন্ত শেষে ২০০৫ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।