নওগাঁর রানীনগরে পুলিশ গত রোববার রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জিল্লুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জিল্লুর রহমান উপজেলার ভাটকৈ গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি জেএমবির তালিকাভুক্ত সদস্য।
এদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে গত বৃহস্পতিবার জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার করা বিএনপির তিন নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিল্লুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি রানীনগর থানা-পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাঁকে সোমবার নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।
নলডাঙ্গা উপজেলা থেকে জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার করা বিএনপির তিন নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুল ইসলাম তাঁদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তাঁরা হলেন মোতালেব হোসেন, আল হেলাল ও আবদুল আজিজ। পুলিশ গত বৃহস্পতিবার তাঁদের আটক করে সন্ত্রাস দমন আইনের মামলায় জেলহাজতে পাঠায়। এদিকে রোববার রাতে পুলিশ নলডাঙ্গা থেকে আরও চারজনকে ওই মামলায় গ্রেপ্তার করেছে।