নাটোরে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের সরকারি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার দুপুরে জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। তাদের বুক থেকে নিচের দিকে একটি দেহ। ওপরের দিকে সবকিছু আলাদা। জন্মের পরপরই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মা ও শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার বড় ছাতনী গ্রামের ইসলাম হোসেনের সন্তানসম্ভবা স্ত্রী সোনালী বেগমকে (২২) গত বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় তাঁর গর্ভে যমজ শিশুর উপস্থিতি ধরা পড়লে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গতকাল বেলা একটার দিকে চিকিৎসক মাজেদুল ইসলাম অস্ত্রোপচার করে দেখতে পান, ওই নারীর গর্ভে জোড়া লাগানো যমজ শিশু রয়েছে। তাদের পেট জোড়া লাগানো, পা দুটি। বুক থেকে শিশু দুটি আলাদা। পা দুটি হলেও দুটি করে হাত রয়েছে। জন্মের সময় তাদের ওজন ছিল ৩ দশমিক ৯ কেজি।
যমজ শিশুদের মা সোনালী বেগম সাংবাদিকদের বলেন, ‘এরাই আমাদের প্রথম সন্তান। আল্লাহ যেন ওদের সুস্থ রাখেন।’ শল্যচিকিৎসক মাজেদুল ইসলাম বলেন, তাদের সবকিছু সচল রয়েছে। তবে তাদের আলাদা করা যাবে কি না, তা নিশ্চিত করে বলতে পারবেন বিশেষজ্ঞ সার্জন ও শিশু বিশেষজ্ঞ। তাই শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।