নাটোরে ঠিকাদার তিন ভাইয়ের ওপর সন্ত্রাসীদের হামলা
নাটোরে চায়ের দাম কম দেওয়ার জের ধরে গতকাল মঙ্গলবার ঠিকাদার তিন ভাইয়ের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। তাঁদের মধ্যে ক্ষুরের আঘাতে গুরুতর জখম সরোয়ার মোর্শেদ ওরফে মুক্তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সোমবার বিকেলে বড়গাছা মহল্লার ঠিকাদার ইশতিয়াক আহমেদ স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করেন। দোকানি ধীরেন্দ্রনাথ প্রতি কাপ চায়ের জন্য চার টাকা দাবি করেন। কিন্তু ইশতিয়াক তিন টাকা পরিশোধ করেন। এ নিয়ে ধীরেন্দ্রনাথের ছেলে লিটনের সঙ্গে ইশতিয়াকের বাকবিতণ্ডা হয়। গতকাল দুুপুরে ইশতিয়াক ওই দোকানের সামনে গেলে লিটন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় ইশতিয়াকের অপর দুই ভাই ঠিকাদার সারোয়ার মোর্শেদ ও ফিরোজ আক্তার এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপরও হামলা করে। এ সময় লিটনের ক্ষুরের আঘাতে সারোয়ার মোর্শেদ গুরুতর জখম হন। হামলার সময় সন্ত্রাসীরা ইশতিয়াকের একটি মোটরসাইকেল ভাঙচুর করে বলেও অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজন আহত তিন ভাইকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সারোয়ার মোর্শেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় ইশতিয়াক বাদী হয়ে সদর থানায় লিটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।ধীরেন্দ্রনাথ বলেন, তাঁর ছেলেরা ঠিকাদারদের মারেনি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।