নাটোরে তরুণসহ ইউপি সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের এক কিশোরীর (১৩) শ্লীলতাহানির অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক তরুণকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রশাসনকে সহায়তা না করার অপরাধে তাঁর সহোদর ওই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমানকে (৫০) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ইশরাত ফারজানার ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।
গত বুধবার ওই কিশোরী পরিবারের অন্য সদস্যদের নিয়ে সশরীরে ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। ইউএনও পরে বিষয়টি স্থানীয়ভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ওই ওয়ার্ডের সদস্য মতিউর রহমানকে নির্দেশ দেন। কিন্তু তিনি আদালতকে সহযোগিতা করেননি। পরে তিনি স্থানীয়ভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং রোববার রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দণ্ডাদেশ দেন।
মেয়েটির বরাত দিয়ে ইউএনও জানান, ১০ এপ্রিল দুপুরে মেয়েটি ফুফুর বাড়ি যাওয়ার পথে গড়মাটি গ্রামের রফিকুল ইসলাম তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন।
পরে মেয়েটি বাড়িতে ফিরে এসে কান্নাকাটি করলে ঘটনাটি জানাজানি হয়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এলাকার প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তারা বিষয়টি নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়ে দুই দিন পার করে। পরে মেয়েটি ও তার পরিবারের সদস্যরা তাঁর কাছে এসে বিচার দাবি করেন।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান বলেন, সাজাপ্রাপ্ত দুই সহোদরকে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।