নাটোরে তিন ভাইকে পেটালেন আ. লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় এক হিন্দু পরিবারের তিন ভাইকে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও তাঁর সহযোগীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলম বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও সিংড়া থানার পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে সিংড়ার কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি, তাঁর ভাই সালাউদ্দিন মুন্সি ও তাঁদের কয়েকজন সহযোগী স্থানীয় বাজারে বিমল পালের (৪২) গয়নার দোকানে যান। তাঁরা বিমলের কাছে তাঁর ভাই সমর পালের (৫০) খোঁজ করেন। এ সময় সমর সেখানে আসামাত্র আওয়ামী লীগের ওই নেতা, তাঁর ভাই ও তাঁদের সহযোগীরা একযোগে তাঁকে মারধর শুরু করেন। রডের আঘাতে সমরের চশমা ভেঙে যায়। চশমার কাচ চোখের ভেতর ঢুকে প্রচুর রক্তক্ষরণ হয়। বিমল ও তাঁর অপর ভাই সাধন পাল (৬০) উদ্ধারের জন্য এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।

আশপাশের দোকানদারেরা এসে তিন ভাইকে উদ্ধার করে চিকিত্সার জন্য নাটোর শহরে পাঠিয়ে দেন। আহত তিন ভাই শহরের ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের চিকিত্সক এ ওয়াই খান জানান, সমরের চোখে অস্ত্রোপচার করে কাচ অপসারণ করা হয়েছে।

বিমলের ভাষ্য, তাঁদের প্রয়াত বড় ভাই অমল পালের ছেলে প্রদীপ পালের পক্ষ হয়ে আলাউদ্দিন ও তাঁর সহযোগীরা দোকানে এসে টাকা দাবি করেন। বিষয়টি তাঁদের পারিবারিক বলে জানালে আলাউদ্দিন ও অন্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মারধর শুরু করেন।

কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি দাবি করেন, তিন ভাই সাধন, সমর ও বিমল এবং তাঁদের ভাতিজা প্রদীপের কাছ থেকে তিনি ও তাঁর ভাই একটি জমি কিনেছেন। জমির টাকা সমরের কাছে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রদীপ ভারতে চলে গেছেন। জমি বিক্রি বাবদ তাঁর অংশের টাকা সমরের কাছ থেকে নেওয়ার জন্য বন্ধু সালাউদ্দিনকে বলেছেন প্রদীপ। টাকা চাইতে গেলে সামান্য মারধরের ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনা শুনেছেন তিনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া নেবেন।