নাটোরে তিন স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ১
নাটোর সদর উপজেলার ঝাঠিয়ান উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগে মঞ্জুর কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি শহরের চৌকিরপাড় মহল্লায়। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ঝাঠিয়ান উচ্চবিদ্যালয়ের সামনে থেকে চার সদস্যের একটি অপহরণকারী দল শান্ত (১০), নাছিম (৯) ও সুমন (১০) নামের তিন ছাত্রকে জোর করে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা মাইক্রোবাসের দিকে এগিয়ে যায়। তিন অপহরণকারী দৌড়ে একটি চলন্ত বাসে উঠে পালিয়ে গেলেও মঞ্জুর কাদেরকে ধরে জনতা পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মঞ্জুরকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মঞ্জুর কাদেরকে গতকাল মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।