নাটোরে দই খেয়ে আটজন অসুস্থ
দই খেয়ে গত সোমবার নাটোর শহরের উত্তর বড়গাছা মহল্লায় আটজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের নাটোর সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।উত্তর বড়গাছা মহল্লার রেজাউল করিম জানান, ঈদের দিন কয়েকজন বন্ধুকে তাঁর বাড়িতে দাওয়াত করেন। রাত ১১টায় অতিথিদের তিনি শহরের মৌচাক মিষ্টান্ন ভান্ডার থেকে কেনা দই খাওয়ান। দই খাওয়ার পরপরই তাঁর মেহমান রাজু, নয়ন, আসাদুজ্জামান, রুবেল, রবিউল, বাবুসহ আটজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ব্যক্তিদের তাত্ক্ষণিক নাটোর সদর হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়া হয়। পরে চিকিত্সকের পরামর্শে তিনি দইয়ের পাতিল সন্ধান করে দেখেন, তাতে একটি মরা টিকটিকি পড়ে আছে। মৌচাক মিষ্টান্ন ভান্ডারের মালিক আবদুর রউফ বলেন, ‘অভিযোগটি ঠিক নয়। ওই দই আমাদের দোকান থেকে কেনা হলেও তাতে টিকটিকি ছিল না। হয়তো কিনে নিয়ে যাওয়ার পর দইয়ের পাতিলে টিকটিকি পড়তে পারে।’ নাটোর সদর হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা কুমার বাপ্পারাজ সরকার বলেন, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ওই রাতে তাঁরা হাসপাতালে চিকিত্সা নিতে এসেছিলেন। তাঁদের চিকিত্সা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাঁরা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন।