নাটোরে দুই অস্ত্র ব্যবসায়ী বগুড়ায় দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গতকাল দুটি অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ায় পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ দুটি ঘটনায় তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা পুলিশ গতকাল বুধবার ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে একটি বাসে তল্লাশি চালায়। এ সময় তারা নরসিংদী সদর থানার গাংকুলপাড়া গ্রামের কাওছার আলী ও কাওরিয়াসাড়া গ্রামের ফরিদ মিয়াকে আটক করে। তাঁদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে একটি করে আমেরিকার তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হিফজুল ইসলাম গতকাল সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নাটোরের পুলিশ সুপার কায়মুজ্জামান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী।বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে শহরের ফুলবাড়ীর সরকারপাড়ায় অভিযান চালায়। এ সময় তারা বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার আবদুর রশিদের ছেলে আবদুল্লাহ আল জুবায়ের ও নামাজগড়ের আবদুর রহমানের ছেলে রেজাউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে রেজাউল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী জুবায়েরের বাড়ি থেকে আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আরিফুর রহমান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।