নাটোরে দুই কর্মকর্তাকে বদলি
নাটোরে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এ ছাড়া সহকারী তত্ত্বাবধায়ককে অন্যত্র বদলির জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সুপারিশ করা হয়েছে। এদিকে ওই শিশু পরিবারে নিম্নমানের খাবার দেওয়াসহ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ বিস্তারিত তদন্তের জন্য গতকাল ইউএনও মোস্তাক আহম্মেদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।নাটোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক বলেন, এতিম শিশুদের সঙ্গে কথা বলে রোববার রাতেই শিশু পরিবারের ‘ট্রেড ইন্সট্রাকটর’ জাকির হোসেনকে সদর উপজেলা সমাজসেবা এবং ‘বড় ভাইয়া’ এখলাছুর রহমানকে শহর সমাজসেবা কার্যালয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক রাবেয়া খাতুনকে অন্যত্র বদলির সুপারিশ করে গতকাল মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।