নাটোরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৩৫
নাটোর সদর উপজেলার বাঁশিলা গ্রামে গত দুই দিনে দুই দল গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। ১০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার বাঁশিলা নিম্নমাধ্যমিক স্কুল চত্বরে দুই ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বাঁশিলা মধ্যপাড়া ও ফৌজদারপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হয়। ওই দিনই তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কাচারিবাজারে উভয় পক্ষ সালিসে বসে। সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে উভয় পক্ষের লোকজন নিজ নিজ এলাকায় গিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে মাইকে ঘোষণা দেয়। সকাল সাড়ে ১০টায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় কয়েক দফা সংঘর্ষে বিলাত প্রধান (৯০), রিয়াজুল ব্যাপারী (৫২), আয়চান ব্যাপারী (৪৮), আছির উদ্দিন (৬০), আশরাফুল ইসলাম (৩৫), এনতাজ (৩৭), জয়তুন বেগম (৩০), হাফিজা খাতুনসহ (১৪) ৩৫ জন আহত হন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন।আপেল মাহমুদ বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে।