নাটোরে দুই টন ভেজাল গুড় আটক গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ গত সোমবার রাতে নাটোরের লালপুর উপজেলার হাগড়াগাড়ি গ্রামের দুটি কারখানায় অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত দুই হাজার ৪০ কেজি ভেজাল গুড় আটক করেছে। ভেজাল গুড় তৈরির দায়ে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার গভীর রাতে হাগড়াগাড়ি গ্রামে আবুল হোসেন ও জুয়েলের গুড় তৈরির দুটি কারখানায় অভিযান চালায়। এ সময় গুড়ের সঙ্গে মোলাসেস, হাইড্রোজ, ফিটকিরি ও ময়দা মেশানো হচ্ছিল। পুলিশ দুটি কারখানা থেকে দুই হাজার ৪০ কেজি ভেজাল গুড় আটক ও বিপুল পরিমাণ মোলাসেস, হাইড্রোজ, ফিটকিরি ও ময়দা জব্দ করে। এ সময় একটি কারখানার মালিক আবুল হোসেন এবং শ্রমিক হাফিজুর রহমান, আবুল কাশেম, সামাদ ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাটোর ব্রজসুন্দরী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গুড়ের সঙ্গে মেশানো মোলাসেস ও হাইড্রোজ ক্ষতিকর রাসায়নিক। এগুলো খেলে মানুষের বদহজম, পাতলা পায়খানা ও পেট ব্যথা হতে পারে।