নাটোরে দুই ডাকাত আটক এএসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাঁটাতার চক্র ডাকাত দলের দুই সদস্যকে বুধবার ভোরে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ ও ডাকাতদের রডের আঘাতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হন। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার মারিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে সাত থেকে আটজন সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সড়কে টহলরত বড়াইগ্রাম থানা পুলিশ তাদের প্রতিরোধ করে। ডাকাতেরা দেশীয় অস্ত্রসশস্ত্র নিয়ে পাল্টা প্রতিরোধ করে। এ সময় মিঠুন (২৫) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হন। জয়নাল নামের অপর এক ডাকাতও সামান্য আহত হয়। ডাকাতদের রডের আঘাতে এএসআই রিপন উজ্জামান আহত হন। একপর্যায়ে ডাকাতেরা পিছু হটলে পুলিশ আহত দুই ডাকাতকে আটক করে।
মিঠুন নাটোরের গুরুদাশপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া গ্রামের এহিয়া প্রামানিকের ছেলে ও জয়নালের বাড়ি একই উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে। মিঠুনকে গুরুদাশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েক টুকরো কাঁটাতার, রড ও কয়েক জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে। বড়াইগ্রামের সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহামঞ্চদ মাহফুজ বলেন, জয়নালকে বড়াইগ্রাম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আহত পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন।