নাটোরে দুজনের লাশ উদ্ধার
তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল রোববার নাটোর শহরের একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, বেলা একটার দিকে শহরের আলাইপুরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পাশের পুকুরে সাকিবুল ইসলাম (২৯) নামের এক যুবকের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। সাকিবুল শহরের বঙ্গজল এলাকার মজিবুর রহমান তালুকদারের ছেলে।
সাকিবুলের ভাই নিশান তালুকদার বলেন, ‘তিন দিন ধরে সাকিবুল নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।’ এদিকে গতকাল ভোর পাঁচটার দিকে সদর উপজেলার হালসা গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুরে সাহেরা বেগম (৩৮) নামের এক গৃহবধূর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে সাহেরার লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী ও হযরত আলীর মেয়ে। তাঁর দুটি সন্তান রয়েছে।