নাটোরে দুটি ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে দুটি ট্রাক ও একটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মারা গেছে ছয়টি গরু। গতকাল রোববার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কে তেবাড়িয়া বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘দোলন’ নামের একটি যাত্রীবাহী বাস তেবাড়িয়া বাইপাস সড়ক অতিক্রম করছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। একই সময় রাজশাহী থেকে আসা পণ্যবাহী অপর একটি ট্রাক পেছন থেকে গরুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাস ও গরুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গরুবোঝাই ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকচালকের সহকারী রাসেল (২৫) ও ট্রাকে থাকা রাখাল তরিকুল ইসলাম (৩৫) নিহত হন। আহত হন বাসের ৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে ২২ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকটির ছয়টি গরু মারা গেছে। নিহত রাসেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং রাখাল তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখপাড়া এলাকার সাজ্জাদ আলীর ছেলে।
গতকাল বিকেলে নাটোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, গরুবোঝাই ট্রাকের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে বাসটিকে আঘাত করলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
ট্রাকের ধাক্কায় সাইকেলচালক নিহত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁর রানীনগর উপজেলায় গত শনিবার ট্রাকের ধাক্কাায় সখিন উদ্দীন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই দিন উপজেলার ভেবড়া গ্রামের সখিন উদ্দীন সাইকেল চালিয়ে কালীগঞ্জ যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের দামুয়া এলাকায় পৌঁছালে একটি ছোট ট্রাক তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক বাবলু হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।