নাটোরে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নাটোরে আজ রোববার দুপুরে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। বড়াইগ্রাম উপজেলায় নাটোর-ঢাকা মহাসড়কের দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: শুকুর আলী (৬০), তাঁর ছোট ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম (৪০), তাঁদের প্রতিবেশী লোকমান হোসেন (৫৫) ও অটোরিকশার চালক পুলক চন্দ্র।
আর আহত ব্যক্তিরা হলেন: শুকুর আলীর মেয়ে মর্জিনা খাতুন ও তাঁর স্বামী সিরাজ আলী এবং প্রতিবেশী তাপস। অন্যজনের পরিচয় জানা যায়নি। তাঁদের মধ্যে সিরাজ স্থানীয় আমেনা হাসপাতালে চিকিৎসাধীন। আর অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হেয়ছে।
অটোরিকশার যাত্রী সিরাজ এ প্রতিনিধিকে বলেন, বেলা সোয়া একটার দিকে বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি মহাসড়কের উল্টো পাশে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই চারজন মারা যান। আহত হন চারজন। তাঁরা বনপাড়া পৌর শহর থেকে বড়াইগ্রামে ফিরছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে একই মহাসড়কের আহম্মদপুর এলাকায় চৌধুরী এন্টারপ্রাইজ নামে একটি বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশার আরোহী এক শিশুর মৃত্যু হয়। সামান্য আহত হয় দুজন।
ঘটনাস্থলের পাশেই বাড়ি নুরুল ইসলাম নামের এক ব্যক্তির। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা স্থানীয় লোকজন নন। আহত ব্যক্তিরা ফোন করলে ঘটনার পরপরই স্বজনেরা এসে তাঁদের নিয়ে যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুটি দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও বাসের চালক পালিয়েছেন। উভয় ঘটনায় ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।