নাটোরে দুলুর বাসভবন ও দলের কার্যালয়ে হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবন ও এর নিচতলায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। ঢাকায় যুবদলের নেতা আহাম্মদ হোসেনের হত্যার প্রতিবাদে গতকাল রোববার কর্মসূচি শেষে শহরের আলাইপুরে ওই ঘটনা ঘটে। হামলার সময় রুহুল কুদ্দুস তালুকদার বাসভবনে ছিলেন না। ঘটনার পরপরই বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল ও বকুলের নেতৃত্বে ওই হামলা হয়েছে। হামলাকারীরা রুহুল কুদ্দুসের বাসভবন লক্ষ্য করে গুলিও ছোড়ে। হামলায় আট নেতা-কর্মী আহত হন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ।জেলা বিএনপি সূত্রে জানা যায়, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহাম্মদ হোসেনের প্রতিবাদে নাটোর সদরে যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে আট-নয়টি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা তাঁদের ধাওয়া করে। নেতা-কর্মীরা শহরের আলাইপুরে রুহুল কুদ্দুস তালুকদারের বাসভবন ও এর নিচতলায় দলের অস্থায়ী কার্যালয়ে আশ্রয় নেন। সন্ত্রাসীরা বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছোড়া ইটের আঘাতে জেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান শাহীন, যুবদল নেতা নাসিম খান, নজরুল ইসলাম, বাবুল চৌধুরীসহ কয়েকজন আহত হন।অভিযোগ অস্বীকার করে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ‘আমার ছেলেদের বিরুদ্ধে এটা মিথ্যা প্রচারণা মাত্র।’ পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, কিছু সন্ত্রাসী বিএনপির কার্যালয়ে ভাঙচুর করলেও গুলি ছোড়ার ঘটনা ঘটেনি।