নাটোরে ধর্মঘট ডেকেছেন ক্লিনিক মালিকেরা
নাটোর শহরের বেসরকারি ক্লিনিকের মালিকেরা আজ সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন। গত শনিবার রাত আটটার দিকে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখা। প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার শহরের একটি ক্লিনিকের মালিককে প্রয়োজনীয়সংখ্যক জনবল না থাকার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করার প্রতিবাদে ক্লিনিক মালিকদের অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দেয়।
অ্যাসোসিয়েশনের নেতারা গত শনিবার রাত আটটার দিকে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সভায় বক্তব্য দেন মকছেদ আলী, জিল্লুর রহমান প্রমুখ। তাঁরা বলেন, তাঁরা সুনামের সঙ্গে নাটোরের মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। গুরুতর কোনো অভিযোগ ছাড়াই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকগুলোর বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তোলা হচ্ছে। লাখ লাখ টাকা অর্থদণ্ড করা হচ্ছে। ্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে তাঁরা আজ (সোমবার) থেকে শহরের সব ক্লিনিকে সব ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ রাখবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।