নাটোরে ধর্ষকের যাবজ্জীবন
নাটোরে ধর্ষণের দায়ে চন্দন কুমার (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৭ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর এক প্রতিবেশীকে ধর্ষণ করেন চন্দন কুমার। পরে ওই নারীর এক কন্যাসন্তানের মা হন। ওই বছরের ২৩ আগস্ট ওই নারী নিজেই বাদী হয়ে বাগাতি পাড়া থানায় মামলা করেন। পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ এ মামলার রায় হলো। রায় ঘোষণার সময় মামলার বাদী ও আসামি উভয় পক্ষ আদালতে উপস্থিত ছিলেন।
আসামি চন্দন কুমারের সম্পদ থেকে ৫০ হাজার টাকা ছয় মাসের মধ্যে আদায় করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই আসামির ঔরসজাত সন্তানকে বিয়ের উপযুক্ত হওয়ার সময় পর্যন্ত ভরণপোষণ রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন।