নাটোরে ধর্ষণ মামলার নথি হাইকোর্টে তলব
এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামিদের জামিন কেন বাতিল করা হবে না—এই মর্মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে নাটোরের জেলা ম্যাজিস্ট্রেটকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আদালতকে সাত দিনের মধ্যে এই মামলার নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহামুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ নির্দেশ দেন। নাটোরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ অক্টোবর জেলার সিংড়া উপজেলার কলমমির্জাপুর মাঠে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী নাজমুল হক, রাজিবুল হাসান, মনিরুল ইসলাম, আতাউল ইসলাম, খায়রুল ইসলাম, রেজাউল করিম, ছাব্বির আহমেদ ও রেজাউনুল হককে আটক করেন। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা ১১ জনকে আসামি করে সিংড়া থানায় মামলা করলে ওই মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।২৮ জানুয়ারি নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের জন্য জামিনের আবেদন করা হয়। এ সময় ওই ছাত্রী ও তাঁর বাবা সেখানে উপস্থিত হয়ে জামিনের সুপারিশ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাজাহান কবীর এ সময় ট্রাইব্যুনালকে জানান, স্থানীয়ভাবে সাড়ে পাঁচ লাখ টাকায় বিষয়টির মীমাংসা হয়েছে। এরপর বিচারক জামিন মঞ্জুর করেন।ঘটনাটি হাইকোর্টের নজরে এলে ২৯ জানুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি ও জামিনসংক্রান্ত নথি সাত দিনের মধ্যে হাইকোর্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। গত সোমবার এই নোটিশ জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পৌঁছায়। এদিকে আইন ও সালিশ কেন্দ্র ঘটনাটি তদন্তের জন্য দুই সদস্যের একটি দল ঢাকা থেকে নাটোরে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার তাঁরা আদালতে এ ব্যাপারে খোঁজখবর নেন। তাঁরা নির্যাতিত ছাত্রী ও তাঁর অভিভাবকদের সঙ্গে দেখা করেন।