নাটোরে নিজ ঘরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা গ্রামে গত রোববার রাতে মোহন আলী (৩২) নামের এক যুবক নিজ ঘরে খুন হয়েছেন বল অভিযোগ উঠেছে। তিনি একটি মামলার পলাতক আসামি ছিলেন।
এ ঘটনায় মোহন আলীর ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে গতকাল সোমবার বিকেলে বাগাতিপাড়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় একই গ্রামের লালন হোসেনসহ চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি লালন হোসেনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা মোহন আলীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার দায় থেকে বাঁচার জন্য তাঁর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ওই সময় বাড়িতে অন্য কেউ ছিল না।
গোলাম মোস্তফা বলেন, ‘লালন হোসেনের সঙ্গে আমার ভাইয়ের গোলমাল চলছিল। তারাই পুলিশকে দিয়ে অস্ত্র মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করাতে চেয়েছিল। তবে সেখানে তাঁকে না পেয়ে লালনরা আমার ভাইয়ের বাড়িতে এসে তাঁকে হত্যা করেছে।’
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পাকা গ্রামের হারেজ প্রামাণিকের ছেলে মোহন আলী অস্ত্র নিয়ে একই গ্রামের একরামুল আলমের বাড়িতে আত্মগোপন করেছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার রোববার রাত আটটার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি গুলি ও একটি পিস্তল উদ্ধার করেন।
এ ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির শোয়ার ঘরে মোহন আলীর লাশ পাওয়া যায়। ঘরের তিরের সঙ্গে ওড়না দিয়ে তাঁর লাশ ঝোলানো ছিল। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে লালন হোসেনকে আটক করে। লালন হোসেন কিছুদিন আগে মোহন আলীর বিরুদ্ধে তাঁকে গুলি করে হত্যাচেষ্টার একটি মামলা করেন। এ মামলায় মোহন আলী পলাতক ছিলেন।
কৃষ্ণ মোহন সরকার বলেন, ‘আমরা লালনকে চিনি না। অন্য একটা সোর্স থেকে খবর পেয়ে অস্ত্র উদ্ধার করেছি। অস্ত্রটি কার ছিল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমার ধারণা, মোহন আলী নানা হতাশা থেকে আত্মহত্যা করেছেন। কারণ, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই।’
সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মোহন আলীর লাশ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়।