নাটোরে পাঁচ দিনব্যাপী খ্রিষ্টান যুব সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকাল থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিষ্টান যুব সমাবেশ শুরু হয়েছে আজ শনিবার। এপিসকপাল যুব কমিশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এ সমাবেশে প্রায় চার শ খ্রিষ্টধর্মাবলম্বী তরুণ-তরুণী অংশ নিয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে সকালে নিজস্ব সংস্কৃতির নাচ, গান, ঢাকঢোল ও বাঁশির সুরে যুবদের আনন্দ শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি স্থানীয় (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সাংসদ আবদুল কুদ্দুস ও যুব কমিশনের চেয়ারম্যান বিশপ সুব্রত লরেন্স হাওলাদার। যুব কমিশনের পতাকা উত্তোলন করেন ব্রাদার উজ্জল প্লাসিড পেরেরা এবং আটটি ধর্মপ্রদেশের যুব কমিশন পতাকা উত্তোলন করেন আটটি ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারীরা। এরপর সমবেত স্বরে গাওয়া হয় যুব দিবসের গান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘সাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে চলছে। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। এ এলাকার মানুষ আপনারা মুক্তিযুদ্ধের সময় এক হয়ে লড়াই করেছে। আপনাদের জন্যই আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি।’
সভাপতির বক্তব্যে বিশপ সুব্রত লরেন্স হাওলাদার বলেন, ‘বর্তমান সময়ে আমাদের চারদিকে অনেক প্রলোভন, অনেক চ্যালেঞ্জ। আমাদের এ প্রলোভনকে জয় করতে হবে। নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জ হলো ভোগবাদ। চারদিকেই ভোগবাদ আমাদের সমাজটাকে উসকে দিচ্ছে। এসব থেকে নিজেকে তুলনা করতে শিখতে হবে। নিজেকে বড় করে তুলতে হবে। ভোগবাদ থেকে নিজেদের রক্ষা করতে হবে।’
জাতীয় যুব দিবস উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন যুব দৃষ্টি-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
যুব দিবসের লোগো উন্মোচন করেন প্রধান অতিথি বিশপ সুব্রত লরেন্স হাওলাদার, বিশেষ অতিথি বিশপ জের্ভাস রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ডেনিস সি বাস্কে ও ব্রাদার উজ্জল প্লাসিড পেরেরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত জোয়ান ফ্রিজাল, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোজাম্মেল হক, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন প্রমুখ।