নাটোরে পাঁচটি ভার্চুয়াল আদালত গঠন, আইনজীবীদের অনাগ্রহ

নাটোর জেলায় ভার্চুয়াল উপস্থিতিতে পাঁচটি আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও আজ বুধবার পর্যন্ত আইনজীবীরা মাত্র দুটি মামলায় জামিনের আবেদন করেছেন। কিন্তু এখনো এগুলোর শুনানি শুরু হয়নি। এ পদ্ধতিতে আইনজীবীরা বিচারকাজে অংশ নেবেন কি না, তা নিয়ে দফায় দফায় সভা করেও সিদ্ধান্তে আসতে পারেনি আইনজীবী সমিতি। কারিগরি সমস্যার পাশাপাশি আইনজীবীদের অনাগ্রহ এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, ‘আদালত কর্তৃক তথ্য–প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ এবং উচ্চ আদালতের জারি করা ‘বিশেষ প্রাকটিস নির্দেশনা’ অনুসারে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলার সাতটি উপজেলার জন্য চারটি ভার্চুয়াল আদালত গঠন করেছেন। এর মধ্যে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম ফারুক নিজেই নাটোর সদর আমলি আদালত পরিচালনা করবেন। এ ছাড়া বড়াইগ্রাম ও নলডাঙ্গার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.খোরশেদ আলম, লালপুর ও বাগাতিপাড়ার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.সুলতান মাহমুদ, সিংড়া ও গুরুদাসপুরের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুধু জামিন সংক্রান্ত শুনানির জন্য ভার্চুয়াল আদালত গঠন করা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. ইমদাদুল হক স্বাক্ষরিত একটি দাপ্তরিক আদেশ ইতিমধ্যে আইনজীবী সমিতির কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট আদালতগুলোর দায়িত্বশীল বেঞ্চ সহকারীদের সাথে যোগাযোগ করে জানা যায়, কোনো আদালত এখনো শুনানি শুরু করেননি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ই–মেইলে একটি করে জামিনের আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদনের শুনানির তারিখ এখনো দেওয়া হয়নি। কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারার বিষয়টি এ কার্যক্রম শুরু না হওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া ইন্টারনেটের ধীরগতি, প্রয়োজনীয় উপকরণ সংকট ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে।
ভার্চুয়াল আদালত চালু না হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা আইনজীবীদের অনাগ্রহ। আইনজীবী সমিতির অন্তত ২০ জন আইনজীবীর সঙ্গে কথা বলে তাঁদের এ মনোভাবের কথা জানা যায়। এ বিষয়ে আইনজীবী ভাস্কর বাগচী বলেন, নাটোরের অধিকাংশ আইনজীবী এখনও স্মার্টফোন ব্যবহার করেন না। তাঁদের কম্পিউটার, ল্যাপটপ ও স্ক্যানার মেশিন নেই। এ ছাড়া শহরে বা আদালত চত্বরে ইন্টারনেটের ভালো গতি নেই। এ অবস্থায় ভার্চুয়াল আদালত কীভাবে চালু হবে, তা বোঝা যাচ্ছে না।
ভার্চুয়াল আদালতের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজীবী সমিতির মহিলাবিষয়ক সম্পাদক দীনাই তাছরিন বলেন, করোনা সংক্রমণে ঝুঁকির কথা ভেবে ভার্চুয়াল আদালত গঠন করা হলেও বাস্তবতা উল্টো। কারণ, এ পদ্ধতিতে সেবা দিতে হলে আইনজীবী, মোহরার ও বিচারপ্রার্থীদের আদালতে ও জেলখানায় যেতেই হবে। কারণ, জামিনের আবেদন, ওকালতনামা, কোর্ট ফি ও ছাড়পত্র আইনজীবী সমিতির ভবন থেকে বিক্রি করা হয়ে থাকে। তাই তাঁদের সংক্রমণের ঝুঁকি রয়েই যাবে।
নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক শেখ বলেন, ভার্চুয়াল আদালতে অংশ নেওয়া নিয়ে আইনজীবীদের মধ্যে নানা মত রয়েছে। বন্ধের কারণে সব আইনজীবীর মতামত নেওয়া যায়নি। বিচারকদের সঙ্গে বারবার সভা করা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত কিছু নির্ধারণ হয়নি। তবে ঈদের আগে অন্তত চার দিন ভার্চুয়াল আদালত চালুর জন্য ইন্টারনেটের গতি বাড়ানো, উপকরণ সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আইনজীবী সমিতি কাজ করছে।