নাটোরে পাইপে গ্যাস, পাঁচ দিন ধরে জ্বলছে আগুন
নাটোরের লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামে একটি মাঠে শ্যালো পাইপ দিয়ে পাঁচ দিন ধরে গ্যাস নির্গত হচ্ছে। দেশলাই জ্বালানোর পর থেকে পাইপের মাথায় আগুন জ্বলছে। এলাকাবাসী বিষয়টি অনুসন্ধান করে দেখার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মাঠের মধ্যে উত্সুক জনতা ভিড় জমিয়েছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে গ্যাসের আগুন দেখতে আসছে। নান্দরায়পুর গ্রামের আবদুুল আজিজ (৫২) জানান, গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাঁর জমিতে (মৌজা- রায়পুর, দাগ নম্বর- ৬৭২) সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন বসানোর কাজ চলছিল। প্রায় ১০০ ফুট গভীরে পাইপ পোঁতা হলেও পানি পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার সময় পাইপ জোড়া দেওয়ার জন্য সেখানে দেশলাই জ্বালানো হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এর পর থেকেই সেখান থেকে গ্যাস বের হচ্ছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম জানান, এটা মিথেন গ্যাস বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বরেন্দ্র প্রকল্পের উচ্চ পর্যায়ের গবেষক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে বিষয়টি নিশ্চিত করবে।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ জানান, অনুসন্ধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন।