নাটোরে ‘ক্রসফায়ারের’ নামে ব্যবসায়ী আনছার আলীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাতজন সহযোগী গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ২৭ জুলাই শুনানির দিন ধার্য করেন। পরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।আসামিরা হলেন সিংড়া উপজেলার বামিহাল গ্রামের বামিহাল দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হানিফ, ওই গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুস, সেলিম হোসেন, আবদুস সোবহান, আবদুর রশিদ, ফিরোজ হোসেন ও মজিবর রহমান। গত মে মাসে তাঁরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। আদালত জামিন না দিয়ে তাঁদের আট সপ্তাহের মধ্যে দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলেন। নির্দেশনা অনুযায়ী তাঁরা গতকাল দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।গত রোববার একই মামলায় সিংড়া থানার সাবেক ওসিসহ ১১ সদস্যকে জেলহাজতে পাঠানো হয়। গতকাল আত্মসমর্পণকারী সাতজনসহ মোট ১৮ জন আসামি এ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন। মামলার বাকি তিন আসামি এখনো পলাতক।২০০৮ সালের ২৩ জুলাই সকালে সিংড়া থানার পুলিশ বামিহাল বাজারের সার ব্যবসায়ী আনছার আলীকে আটক করে। ২৭ জুলাই রাতে কাকিয়ানের জঙ্গলে গুলিবিদ্ধ অবস্থায় আনছারের লাশ পাওয়া যায়। পুলিশ তাঁর পরিবারকে জানায়, আনছার আলী ক্রসফায়ারে মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এদিকে নিহত আনছারের বাবা রজব আলী ২০০৯ সালের ১৮ আগস্ট সিংড়া থানার ১৪ পুলিশ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুর রহমান মামলাটির বিচার বিভাগীয় তদন্ত করেন। তদন্তে সিংড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কারসহ ১২ পুলিশ সদস্য ও স্থানীয় নয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।মামলার বাদী রজব আলী বলেন, ‘আত্মসমর্পণ করা আসামিরা পুলিশের চিহ্নিত সংবাদদাতা (সোর্স)। রাজনৈতিক কারণে তাঁদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ছিল। তাই আক্রোশের বশবর্তী হয়ে তাঁরা পুলিশের সহযোগী হিসেবে আমার ছেলে আনছার আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে।’আসামি পক্ষের আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার মক্কেলরা আনছার আলীকে হত্যায় পুলিশকে কীভাবে সহযোগিতা করেছে, তা বিচার বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়নি। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।’