নাটোরের বাগাতিপাড়া উপজেলার শালাইনগর গ্রামে গতকাল মঙ্গলবার পুলিশের সামনে এক কলেজছাত্রীকে বেদম মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। এর আগে প্রতিপক্ষের লোকজন ওই ছাত্রীর বাড়িঘরে লুটপাট ও ছয়জনকে পিটিয়ে জখম করে। আবদুস সালাম ও তাঁর বৈমাত্রেয় ভাই আবদুল কুদ্দুসের মধ্যে আবদুস সালাম অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁর বৈমাত্রেয় ভাই আবদুল কুদ্দুস সন্ত্রাসীদের দিয়ে তাঁর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান। এতে বাধা দিলে সন্ত্রাসীরা তিনিসহ আবদুর রহিম, আবদুল করিম, আবদুর রশিদ ও রবিউল ইসলামকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল করিম ও আবদুর রশিদকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।খবর পেয়ে বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আবদুস সালামের বাড়িতে যান। তাঁরা বাড়িতে থাকা কলেজছাত্রীর সঙ্গে কথা বলেন। পুলিশ সদস্যরা তাঁর কাছে তদন্তে সহযোগিতা চান। পুলিশের অনুরোধে ওই ছাত্রী বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। তাঁরা পুলিশের সামনেই তাঁকে লাথি ও কিলঘুষি মারেন। এ সময় পুলিশ মৌখিকভাবে বললেও প্রতিপক্ষের লোকজনকে বাধা দেয়নি। পরে মেয়েটি দৌড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। ওই ছাত্রী রাজশাহীর একটি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওই ছাত্রী বলেন, ‘পুলিশের সামনে আমার ওপর বর্বর হামলায় আমি হতবাক হয়েছি। ঘটনাটি আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’তবে আবদুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এতে আমার পক্ষের আবদুল মোত্তালেব আহত হন। প্রতিপক্ষের লোকজন উল্টো আমার মোটরসাইকেল ভাঙচুর করেছেন।’ এসআই সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। তবে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা উভয় পক্ষকে সরিয়ে দিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’