নাটোরে পৃথক ঘটনায় দুজন নিহত
নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর গ্রাম থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। অপর দিকে পৃথক ঘটনায় সদর উপজেলায় নিহত হয়েছেন এক দোকানি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর গ্রামে রসুনের জমি থেকে আবদুল জলিল (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহত ব্যক্তির ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।জহুরুল ইসলাম বলেন, গত শুক্রবার বেলা দুইটায় কৃষক আবদুল জলিল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সিংড়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠিয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়েজুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে শনিবার রাতে নাটোর সদরের দস্তানাবাদ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মুকুল মিয়া (৩২) নিহত হয়েছেন। তিনি ‘বড়াভাজা’ বিক্রির পাওনা ১০ টাকা চাইলে ক্রেতা একই গ্রামের আবদুল মান্নান তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।