নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার গুনাইহাটি নামক স্থানে নাটোর-পাবনা মহাসড়কে ও আগ্রান নামক স্থানে বনপাড়া-হাটিকুমরুল সড়কে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজন হলেন সবুজ (৩৫) ও আয়নাল হক (৩০)। সবুজ লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের আলতাব হোসেনের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন। আয়নাল হক ট্রাকচালকের সহকারী ছিলেন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে চারটার দিকে গুনাইহাটি নামক স্থানে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১৪৭৩৪৮) সঙ্গে রিকশা-ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক সবুজ নিহত হন। ভ্যানের যাত্রী একই গ্রামের মেহের আলীর পুত্র ফজলু (৪০) ও রফিক উদ্দিনের পুত্র রাকিবুল গুরুতর আহত হন।
এদিকে আজ ভোর রাত সাড়ে তিনটার দিকে আগ্রান এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আমবোঝাই একটি ছোট ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৭-২৬৬০) থেমে থাকা ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ছোট ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকের সহকারী আয়নাল হক ঘটনাস্থলেই মারা যান। চালক আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুন নুর দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।