নাটোরে প্রধান শিক্ষক দু দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম শহিদুল ইসলাম গতকাল সোমবার বিকেল থেকে নিখোঁজ আছেন। আজ মঙ্গলবার রাত নয়টায় তাঁর পরিবার সদর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সদর উপজেলার রায় আমহাটি এলাকার রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কাজকর্ম শেষে সোমবার বিকেলে শহিদুল ইসলাম নাটোর শহরের উদ্দেশে বের হন। গতকাল অনেক রাতেও বাড়ি ফিরে না আসায় তাঁর মুঠোফোনে ফোন করে বন্ধ পাওয়া যায়। এরপর পরিবার ও বিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। আজ রাত নয়টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের আত্মীয় শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক খুব ঝামেলা পোহাচ্ছিলেন। সুবিধামতো কাউকে সভাপতি বানানোর জন্য কোনো পক্ষ থেকে তাঁকে আটকে রাখা হতে পারে। তবে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ‘সাধারণ ডায়েরি করার পরপরই আমরা অভিযোগটি তদন্ত করতে শুরু করেছি। প্রধান শিক্ষক সাহেবের মোবাইল বন্ধ রয়েছে। আমরা প্রযুক্তিগত চেষ্টা চালিয়ে তাঁর অবস্থান বের করার চেষ্টা করছি।’