নাটোরে প্রসূতির মৃত্যু, দূষিত রক্ত দেওয়ার অভিযোগ
নাটোরের একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে এক প্রসূতির মৃত্যু হয়েছে। দূষিত রক্ত দেওয়ায় তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওই হাসপাতাল ঘেরাও এবং এর মালিককে লাঞ্ছিত করেছে মৃতের আত্মীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিরা।নাটোরের সদর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবপুর গ্রামের কৃষক নওশাদ আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা খাতুনকে শহরের মাদরাসা মোড় এলাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে সীমা একটি ছেলেসন্তান প্রসব করেন। এরপর সীমার শরীরে রক্তের প্রয়োজন হলে স্বামী নওশাদ নিজে এক ব্যাগ রক্ত দেন। আরও এক ব্যাগ রক্তের প্রয়োজন দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ মাদরাসা মোড় এলাকার নাটোর ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করে। এই রক্ত রাত সাড়ে ১২টায় সীমার শরীরে দেওয়া হয়। রক্ত দেওয়ার পরপরই সীমার শরীরে খিঁচুনি শুরু হয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় সীমার আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপাতল ঘেরাও করে। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে হাসপাতালের মালিককে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওশাদ অভিযোগ করেন, ওই হাসপাতালে তাঁর স্ত্রী সীমার সুচিকিৎসা হয়নি এবং পরীক্ষা-নিরীক্ষা না করে তাঁর শরীরে দূষিত রক্ত দিয়েছে। এ কারণেই সীমার মৃত্যু হয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক জামিল হোসেন বলেন, ওই ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা রক্ত দেওয়ার পরে প্রসূতির শরীরে খিঁচুনি দেখা দেয়। পরে জরুরি ভিত্তিতে হাসপাতালের চিকিৎসক তাঁকে দেখেন। এর কিছু সময় পরেই তাঁর মৃত্যু হয়। ওই রক্ত দূষিত ছিল না বলে তিনি দাবি করেন।নাটোর ব্লাড ব্যাংকের টেকনিশিয়ান জামাল হোসেন বলেন, রোগীর রক্তের নমুনার সঙ্গে ক্রস ম্যাচিং করেই তাঁরা অ্যাপোলো হাসপাতালে রক্ত সরবরাহ করেছেন। তবে এটি রক্ত সরবরাহ করার বৈধ প্রতিষ্ঠান কি না, তা তিনি জানাতে পারেননি।