নাটোরে ফটোকপি মেশিন উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে অবৈধ ফটোকপি মেশিন উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের পরিদর্শক নন্দকিশোর দে গত সোমবার রাতে ছয়জনকে আসামি করে নাটোর সদর থানায় এ মামলা করেন। মামলার আসামিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার রবিউল ইসলাম (৩৬), শেরপুর উপজেলার আরিফুল ইসলাম (২৮) ও সদর থানা এলাকার আনোয়ার হোসেন (৩৫), রাজশাহীর রাজপাড়া মহল্লার আনোয়ার আহম্মেদ (৩৭), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আতিক আহম্মেদ (৩৩) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সুমন (২২)।সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে শুল্ক কর্মকর্তা নন্দকিশোর দে ৬৯টি ফটোকপি মেশিন ও যন্ত্রাংশ উদ্ধারের একটি জব্দ তালিকাসহ সদর থানায় এজাহার দেন। এজাহারে বলা হয়, মালামালগুলো শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা হয়েছে। গত শনিবার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ ভবন থেকে মালামালগুলো উদ্ধারের সময় উল্লিখিত ছয় আসামি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এজাহারটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নথিভুক্ত করা হয়। এজাহারে উদ্ধার হওয়া মালামালের মূল্য ৮০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অথচ র‌্যাব গত সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক করা মালামালের মূল্য প্রায় দেড় কোটি টাকা।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান বলেন, র‌্যাব সদস্যরা আসামিদের হেফাজত থেকে সরাসরি মালামালগুলো উদ্ধার করলেও মামলার বাদী এজাহারে তা এড়িয়ে গেছেন। এমনকি আসামিদের আটকের কথাও উল্লেখ করেননি। অথচ কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবির উদ্দিন শাহ লিখিত জিম্মা দিয়ে র‌্যাবের কাছ থেকে তাঁদের মুক্তি করান। এ ব্যাপারে র‌্যাব-৫ সাধারণ ডায়েরি (জিডি) করেছে।মামলার বাদী শুল্ক কর্মকর্তা নন্দকিশোর দে জানান, আসামিদের আটকের বিষয়ে তিনি লিখিত কিছু পাননি। তাই এজাহারে তা উল্লেখ করা হয়নি।